শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিএনপিকে গণঅধিকার পরিষদের সমর্থন ভোটের মাঠে নতুন মাত্রা যোগ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচনী মাঠে নিজদলীয় প্রার্থী থাকলেও বিএনপি মনোনীত প্রার্থী ফরিদুল কবির তালুকদারকে সমর্থন জানিয়েছে গণঅধিকার পরিষদ। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা গণঅধিকার পরিষদের নেতারা এ ঘোষণা দেন। উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আল-আমিন মিলু বলেন, “গণঅধিকার পরিষদের প্রার্থী ইকবাল হোসেন ট্রাক প্রতীকের মনোনয়ন পেলেও তিনি প্রচারণার মাঠে সক্রিয় নন।

মূলত তাঁর অক্ষমতার কারণেই আমরা বিএনপিকে সমর্থন দিয়েছি।” তিনি আরো বল, ঐক্যের বৃহত্তর স্বার্থে বিএনপির প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমকে সমর্থন জানানো হয়েছে। তৃণমূলের নেতাকর্মীদেরও একসঙ্গে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আল-আমিন মিলুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আরিফ তালুকদার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সুজন সরকার, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মুরাদ হাসান, সদস্য সচিব শাকিল আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সজিব মিয়া প্রমুখ। দলীয় সূত্র জানায়, গণঅধিকার পরিষদের প্রার্থী দলের তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি জেলা শাখার সভাপতি হলেও উপজেলা নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ নেই। অন্যদিকে ফরিদুল কবীর তালুকদার শামীম দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় এবং গণমানুষের পাশে থেকে কাজ করছেন।

গণঅধিকার পরিষদ তাঁকে সমর্থন দেওয়ায় ভোটের মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে। এ ব্যাপারে জামালপুর- ৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ও জেলা কমিটির সভাপতি ইকবাল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উল্লেখ্য, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ৬জন প্রার্থী থাকলেও বিএনপি মনোনীত ফরিদুল কবীর তালুকদার শামীম ও ১১ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থী অ্যাড. আব্দুল আওয়ালের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়