বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁয় ভিডিও ধারণকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি সংঘর্ষ আহত ৫

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৫  সদর আসনে নির্বাচনী প্রচারণাকালে ভিডিও ধারণকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ( ৩ ফ্রেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের চক গোপাই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে জামায়াতের নেতা-কর্মীরা চক গোপাই গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় সেখানে বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী উপস্থিত হন। একপর্যায়ে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা পরে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন— হাসাইগাড়ী ইউনিয়নের কাটখইড় গ্রামের হাসান প্রামানিক (৩৮), একই এলাকার জাহিদ হাসান (২৫), হাসাইগাড়ী গ্রামের মোস্তাফিজুর রহমান (৫৮), চকরামপুর গ্রামের রুস্তম আলী (৪০) এবং চক গোপাই গ্রামের রাকিব হাসান (২০)।

আহত ছাত্রদল কর্মী রাকিব হাসান অভিযোগ করে বলেন, “জামায়াতের কর্মীরা আমাদের গ্রামে প্রচারণা চালাচ্ছিল। আমরা সেখানে ছবি তুলতে গেলে তারা বাধা দেয়। এ নিয়ে তর্ক শুরু হয়। পরে তারা আমাদের ওপর হামলা চালায়।”

অন্যদিকে নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির আব্দুর রহিম বলেন, “আমাদের প্রার্থী আ স ম সায়েম গণসংযোগ শেষে একটি বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বিএনপির সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে পাইপ নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অন্তত আটজন কর্মী আহত হয়েছেন।”

এ বিষয়ে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম বলেন, ‘ নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি ইউনিয়নের চক গোপাই গাবতলী এলাকায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নির্বাচনী বিধি লঙ্ঘন করে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। এ সময় স্থানীয় এক যুবক গোপনে ওই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে জামায়াতের কয়েকজন নেতাকর্মী তাকে লাঠিসোঁটা দিয়ে মারধর করে। এটা নিয়ে গ্রামবাসীর সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।  এতে বিএনপি ও ছাত্রদলের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

নওগাঁ সদর থানার ওসি নিয়ামুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনার পর এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। আপাতত সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নতুন করে যাতে আইনশৃঙ্খলা অবনতি না হয় সেজন্য ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়