,

১৫ বছর পর গ্রামে ফেরা মহাকাশ বিজ্ঞানী ড. মিয়াহ মুহাম্মদ আদেল

ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: দীর্ঘ ১৫ বছর পর দেশের মাটিতে ফিরেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহাকাশ বিজ্ঞানী অধ্যাপক ড. মিয়াহ মুহাম্মদ আদেল, পিএইচডি। গত ২১ ডিসেম্বর তিনি বাংলাদেশে আসেন এবং বর্তমানে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ গ্রামে নিজ বাড়িতে অবস্থান করছেন। তিনি ওই গ্রামের মরহুম মহসিন হাজী প্রামাণিকের ছেলে। আগামী ২৮ ডিসেম্বর তার পুনরায় যুক্তরাষ্ট্রে ফেরার কথা রয়েছে।

ড. মিয়াহ মুহাম্মদ আদেল বর্তমানে যুক্তরাষ্ট্রের University of Arkansas at Pine Bluff (UAPB)-এ পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি মহাকাশ পদার্থবিজ্ঞান, জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিজ্ঞান ও জলসম্পদ বিষয়ে গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত।

দীর্ঘদিন পর নিজ এলাকায় তার আগমনে আত্মীয়স্বজন, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। এ সময় বহু তরুণ শিক্ষার্থী তার সঙ্গে সাক্ষাৎ করে উচ্চশিক্ষা, বিজ্ঞানচর্চা ও গবেষণা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা গ্রহণ করেন।

বর্ষীয়ান এই বিজ্ঞানী একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা NASA-এর “Here to Observe (H2O)” কর্মসূচির প্রধান তদন্তকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এ কর্মসূচির মাধ্যমে তিনি STEM শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক বৈজ্ঞানিক গবেষণায় যুক্ত করে ভবিষ্যৎ বিজ্ঞানী তৈরিতে ভূমিকা রাখছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে ড. আদেল বলেন, “১৫ বছর পর দেশের মাটিতে, বিশেষ করে নিজের গ্রামে ফিরে আসা আমার জন্য অত্যন্ত আবেগঘন। এখান থেকেই আমার শিক্ষাজীবনের স্বপ্নের শুরু। ভবিষ্যতে দেশের শিক্ষার্থীদের বিজ্ঞান ও গবেষণায় আরও আগ্রহী করে তুলতে কিছু উদ্যোগ নেওয়ার ইচ্ছা রয়েছে।”

জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, “ড. মিয়াহ মুহাম্মদ আদেল আমাদের ইউনিয়নের গর্ব। আন্তর্জাতিক পর্যায়ে তার সাফল্য স্থানীয় শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা। শিক্ষা ও বিজ্ঞানভিত্তিক যেকোনো উদ্যোগে ইউনিয়ন পরিষদ সর্বাত্মক সহযোগিতা করবে।”

ভিতরভাগ গ্রামের কলেজ শিক্ষার্থী আশিকুর রহমান নিরব বলেন, “ড. আদেল স্যারের সঙ্গে কথা বলে আমরা ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি। তিনি দেখিয়েছেন—গ্রাম থেকেই আন্তর্জাতিক মানের বিজ্ঞানী হওয়া সম্ভব। এতে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে।”

বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম তপু বলেন, “ড. মিয়াহ মুহাম্মদ আদেলের মতো একজন আন্তর্জাতিক মানের বিজ্ঞানীর নিজ এলাকায় আগমন আমাদের জন্য গর্বের। তার উপস্থিতি স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রতি নতুন আগ্রহ সৃষ্টি করবে এবং বিশ্বমঞ্চে এগিয়ে যাওয়ার পথ দেখাবে।”

এই সফরের মাধ্যমে ড. মিয়াহ মুহাম্মদ আদেল প্রমাণ করেছেন—গ্রাম থেকেই শুরু হতে পারে আন্তর্জাতিক সাফল্যের যাত্রা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ