,

বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন না করায় তাড়াশ ডিগ্রি কলেজে তালা ‎ ‎

খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‎মহান বিজয় দিবসে শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা না জানানোয় সিরাজগঞ্জের তাড়াশ ডিগ্রি কলেজে তালা ঝুলিয়েছেন কলেজের গভর্নিং বডির কয়েকজন সদস্য। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। ‎ ‎স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে তাড়াশ কেন্দ্রীয় শহীদ মিনারে কলেজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়নি।

এ নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হলে ক্ষুব্ধ হয়ে কলেজ গভর্নিং বডির সদস্য মো. সাইফুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম তোতা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন। ‎ ‎এ বিষয়ে গভর্নিং বডির সদস্য মো. সাইফুল ইসলাম বলেন, “বিজয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ আমাদের কোনো ধরনের অবহিত করেননি। পরে জানতে পারি, কলেজের নৈশপ্রহরী লুৎফর রহমান টেলির মাধ্যমে একটি ফুলের তোড়া পাঠানো হয়েছে। তাড়াশ ডিগ্রি কলেজের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের জন্য এটি অত্যন্ত দায়সারা আচরণ। দায়িত্বে অবহেলার প্রতিবাদেই আমরা তালা ঝুলিয়েছি।

সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত কলেজ তালাবদ্ধ থাকবে।” ‎ ‎এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনি বলেন, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন এবং কলেজের সার্বিক দায়িত্ব উপাধ্যক্ষ মীর হোসনে আরার ওপর ন্যস্ত রয়েছে। সুতরাং বিষয়টির দায়-দায়িত্ব তারই। ‎ ‎অন্যদিকে উপাধ্যক্ষ মীর হোসনে আরা জানান, বর্তমানে কলেজে শীতকালীন ছুটি চলমান। তিনি কলেজের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করেছিলেন, তবে শিক্ষক-কর্মচারী না থাকায় নৈশপ্রহরীর মাধ্যমে শহীদ মিনারে পুষ্পস্তবক পাঠানো হয়।

বিষয়টি নিয়ে এ ধরনের বিতর্ক সৃষ্টি হবে, তা তিনি অনুধাবন করতে পারেননি। ‎ ‎এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ