ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর নেক্কারজনক হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাড়াশ উপজেলা শাখার আয়োজনে শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে তাড়াশ প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর হামলা একটি পরিকল্পিত ও ন্যাক্কারজনক ঘটনা। এ হামলার মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখার অপচেষ্টা চালানো হচ্ছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান নীরব, জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের সদস্য শামীম হোসেন সাদিক, রাব্বানী, জুলাই যোদ্ধা সোহান ও আতিক প্রমুখ। বক্তারা আরও বলেন, হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে তারা সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিকে এ ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী, যুবসমাজ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।