শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবি

সংবাদের আলো ডেস্ক: কিশোরগঞ্জ–৪ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া ফজলুর রহমানের মনোনয়ন বাতিল ও তাকে দল থেকে বহিষ্কারের দাবি তুলে মানববন্ধন করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বিএনপি’র আরেক মনোনয়ন প্রত্যাশী সাবেক যুগ্ম সচিব আব্দুর রহিম বলেন, ‘উনার অন্তরে শহীদ জিয়ার আদর্শ স্থান পায় নাই। কারণ, বেগম খালেদা জিয়াকে যেদিন এক কাপড়ে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল এবং যেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব কেড়ে নেওয়ার প্রক্রিয়া চলছিল, সেদিন ফজলুর রহমান প্রতিবাদ করে টু শব্দটি করেন নাই।’

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হওয়ার পর ফজলুর রহমান বলেছেন, ‘এই ট্রাইব্যুনালের রায় বিচারের নামে প্রহসন।’ এ কথা বলার মাধ্যমে তিনি শেখ হাসিনার বিচারকে প্রশ্নবিদ্ধ করেছেন।

ফজলুর রহমান তাকে ও তার সমর্থকদের বিভিন্ন সময় ‘হুমকি দিচ্ছেন’ উল্লেখ করে আব্দুর রহিম বলেন, ‘ফজলুর রহমান নিয়মিত আমাকেসহ আমার কর্মী-সমর্থকদের হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করে যাচ্ছেন। তাকে দলীয় মনোনয়ন দেওয়া হলে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দলের সুনাম ক্ষুণ্ন হবে। সেইসঙ্গে পতিত শেখ হাসিনার আদর্শ ও স্বৈরতন্ত্র পুনর্বাসিত হবে।’

তিনি আরও বলেন, এ আসনে মনোনয়নপ্রাপ্ত ফজলুর রহমান নির্বাচন করলে বিএনপির নির্বাচিত হবে না। নির্বাচিত হবে শেখ হাসিনার আদর্শের। তাই ফজলুর রহমানের মনোনয়ন অবিলম্বে বাতিল করে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা বিএনপির সহসভাপতি মো. গোলাম রহমান, ইটনা উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এরশাদ উদ্দিন মল্লিক, ইটনা উপজেলার সাবেক সভাপতি ইউসুফ আলী, ইটনা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নূরু মিয়া, যুবদল নেতা আবেদ খান, মিঠামইন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ সোবহানী, ইটনা উপজেলা সাংস্কৃতিক দলের সভাপতি তামিম আহমেদ সোহাগ এবং অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি শরীফ রেজা চৌধুরী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়