নরসিংদীতে মাইকে ঘোষণা দিয়ে ফের ‘টেঁটাযুদ্ধ’, আহত ১৫
সংবাদের আলো ডেস্ক: নরসিংদীতে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া নেয়ার জেরে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) সকালে মাধবদী উপজেলার চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুরে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া নেয়া ও আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় শহিদ মেম্বার ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গত সোমবার ও মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়। এরপর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু আজ সকালে পুলিশ না থাকার সুযোগে টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এতে টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়।
এদিকে আহতদের মধ্যে বেশ কয়েকজন নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তবে পুলিশি গ্রেফতারের ভয়ে অনেকে বিভিন্ন স্থানে গোপনে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ভোরে পুলিশের উপস্থিতি দেখতে না পেয়ে দুইপক্ষের মধ্যে উত্তজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয়। কয়েকজন সামান্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।