তাড়াশে যুবদলের বহিষ্কৃত নেতা হাফিজুর রহমান পুনর্বহাল
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব মোহাম্মদ হাফিজুর রহমানকে পুনর্বহাল করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গঠনতন্ত্র ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
পরে অভিযোগের বিষয়ে সন্তোষজনক জবাব না পাওয়ায় ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তাকে ইউনিয়ন যুবদলের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সম্প্রতি হাফিজুর রহমান দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডে আর যুক্ত হবেন না বলে লিখিত অঙ্গীকার প্রদান করেন। তার এই অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখা তার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পুনরায় মাধাইনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পদে বহাল করে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মোহাম্মদ হাফিজুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে ৭নং মাধাইনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পদে পুনর্বহাল করা হলো। এছাড়া, ভবিষ্যতে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা মেনে চলা এবং সংগঠনের ভাবমূর্তি রক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।