সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সৌদি সরকারের অনুদান বিতরণে অনাকাঙ্ক্ষিত ঘটনা তাড়াশে

খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‎সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সৌদি সরকারের অনুদানে দু:স্থদের জন্য বরাদ্দ করা দুম্বার মাংস ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ‎ ‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সৌদি সরকারের পক্ষ থেকে চলতি বছর তাড়াশ উপজেলার ৪৪টি মাদ্রাসা ও এতিমখানার জন্য মোট ১৬৪ প্যাকেট দুম্বার মাংস বরাদ্দ করা হয়।

বিকেলে এসব মাংস উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিতরণ করা হচ্ছিল। ‎ ‎তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান প্রশিক্ষণে থাকায় বিতরণ কার্যক্রমের দায়িত্ব পালন করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। তিনি তাড়াশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু ছাঈদ মল্লিক ও পুলিশ সদস্যদের সহায়তায় মাংস বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

‎বিতরণের সময় বিপুল সংখ্যক মানুষ সেখানে ভিড় করেন। এসময় মথুরাপুর মহিলা মাদ্রাসার শিক্ষক মো. সুলতান তার প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত এক প্যাকেট মাংস গ্রহণের পর কিছুদূর যাওয়ার পরই ভিড়ের মধ্যে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার কাছ থেকে প্যাকেটটি ছিনতাই করে নেয়। ‎ ‎শিক্ষক সুলতান বলেন, “দু:স্থদের জন্য বরাদ্দ মাংস এভাবে ছিনতাই হয়ে যাবে, তা কখনো কল্পনা করিনি।

আশা করি প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।” ‎ ‎উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, “ঘটনার বিষয়ে আমি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” ‎ ‎স্থানীয়রা বলছেন, প্রতি বছর সৌদি সরকারের পাঠানো অনুদান যথাযথভাবে বিতরণের জন্য প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন, যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পুনরায় না ঘটে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়