আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে ‘আমরা আমতলীবাসী’র উদ্যোগে সচেতনতা মূলক লিফলেট বিতরণ
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে ডেঙ্গু রোগের বিস্তার রোধে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা আমতলীবাসী’ বিশেষ লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করেছে। রবিবার (২২ জুন) সকালে এই কর্মসূচির উদ্বোধন করা হয় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে।
সেখান থেকে শুরু করে আমতলী ফেরিঘাট, লঞ্চঘাট (১ নং ওয়ার্ড), ৪ নং ওয়ার্ড, একে স্কুল সরকারি মাধ্যমিক বিদ্যালয় এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। সংগঠনের সদস্যরা পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় জনগণের মাঝে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক লিফলেট বিতরণ করেন এবং মাইকিং এর মাধ্যমে সচেতনতা বার্তা তুলে ধরেন। লিফলেটগুলোতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়।
এতে বলা হয়—পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ব্যাক্তিগত সুরক্ষা গ্রহণের মাধ্যমে ডেঙ্গু থেকে নিজেকে ও আশপাশের মানুষকে রক্ষা করা সম্ভব।
এ কার্যক্রমে সংগঠনের সভাপতি সাজিদ ইসলাম রাব্বি, সহ-সভাপতি রেজাউল করিম, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা রাহিমা আক্তার, সদস্য আসাদুল, সাইফুল ও প্রতিষ্ঠাতা কালীন কমিটির সাধারণ সম্পাদক আল জাবের সহ অন্যান্য সদস্যরা অংশ নেন। সংগঠনের সভাপতি সাজিদ ইসলাম রাব্বি জানান, ডেঙ্গু একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ। এটি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি।
তারা আরও জানান, এই ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও ব্যাপক পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, স্থানীয় জনগণ এই সচেতনতামূলক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেন, এ ধরণের উদ্যোগ আমতলী এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির এই প্রয়াস এলাকার মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আমরা আমতলীবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইদুর রহমান মুঠোফোনে বলেন, “আমরা আমতলীবাসী সংগঠন সব সময় এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে, তাই মানুষকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও আমরা এ ধরনের কর্মসূচি চালিয়ে যাব।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।