হাসপাতালে হঠাৎ সংসদ সদস্য, ড্রেন ও নোংরা পানি দেখে ক্ষোভ
সংবাদের আলো ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন পরিবেশ, নোংরা ড্রেন ও হাসপাতাল চত্বরে জমে থাকা পানি দেখে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ চিত্র দেখতে পান। এ সময় দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও পানি নিষ্কাশনব্যবস্থা সচল করার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহিরাঙ্গন ও চারপাশ ঘুরে দেখেন। এ সময় দেখা যায়, কমপ্লেক্সের ভেতরের কয়েকটি ড্রেনে ময়লা-আবর্জনা ও পানি জমে গিয়ে দীর্ঘদিনের জটলা তৈরি হয়েছে। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পানি নিষ্কাশন। দীর্ঘ সময় এসব পানি আটকে থাকায় এডিসসহ বিভিন্ন ধরনের মশার লার্ভা জন্মানোর প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, যা চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের জন্য অতিরিক্ত স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।
হাসপাতালের এমন স্বাস্থ্যহীন ও নোংরা পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করে সংসদ সদস্য দ্রুততম সময়ের মধ্যে ড্রেনগুলো পরিষ্কার করা, জমে থাকা পানি অপসারণ ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে তদারকির তাগিদ দেন।
পরিদর্শনের একপর্যায়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় রোগীরা চিকিৎসাসেবার মান, অবকাঠামোগত নানা সীমাবদ্ধতা ও ভেতরের পরিবেশ নিয়ে তাদের ভোগান্তি ও অভিযোগ তুলে ধরেন। এমপি ধৈর্য ধরে তাদের কথা শোনেন এবং বিষয়গুলো সমাধানের আশ্বাস দেন।
পরে তিনি হাসপাতালের মিলনায়তনে উপস্থিত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় চিকিৎসাসেবার গুণগত মান উন্নয়ন, জনবলসংকট নিরসন এবং রোগীদের ভোগান্তি কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কামরুল ইসলাম ও ডা. এস এম সাইদুল আলমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ সময় তার সঙ্গে ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।