নওগাঁর নিয়ামতপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাঝিরা গ্রামে শারমিন আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও, নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে।
সোমবার (২ জুন) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার ঝাঝিরা গ্রামের হাবিবুর রহমানের (৪২) দ্বিতীয় স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে হাবিবুর রহমান বাড়ির বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের মধ্যে শারমিন আক্তারকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই তার মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক এবং থানায় অভিযোগও করা হয়েছিল। তিনি দাবি করেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।