‘জ্বালানিমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল’
জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বর্তমানে শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে জ্বালানিমন্ত্রীকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
হাসপাতালের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, জরুরি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তার চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। রক্তের বিভিন্ন পরীক্ষা ও বুকের এক্স-রে পর্যালোচনা করে ফুসফুসে নিউমোনিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে চিকিৎসা শুরু করা হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, জ্বালানিমন্ত্রী আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। কিছুদিন আগে তার হৃদ্যন্ত্রের রক্তনালিতে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে।
চিকিৎসকদের মতে, জ্বালানিমন্ত্রী শারীরিকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তার পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য আরও কিছুদিন হাসপাতালে অবস্থান করা প্রয়োজন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।