ভূঞাপুরে সড়কে ঝরলো প্রবাস ফেরত বাইক চালকের প্রাণ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন এবং অপর একজন আহত হয়েছেন। রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ভূঞাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন নতুন বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে তারাকান্দাগামী ভাই ভাই এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-১৩৩০) নতুন বাইপাস সড়কে বামনহাটা-ভূঞাপুর ক্রসিং অতিক্রম করার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা একজন বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের অপর একজন ছিটকে পড়ে গুরুতর আহত হন।
নিহত সুরুজ্জামান আকন্দ (৪৭) উপজেলার পশ্চিম ভূঞাপুর গ্রামের কালু আকন্দের ছেলে। তিনি সম্প্রতি পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রবাস থেকে দেশে ফিরেছেন। আহত আলম আকন্দ (৩০) একই গ্রামের মোকাদ্দেস আকন্দের ছেলে। তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, মোটরসাইকেলটি ক্রসিং পার হওয়ার সময় বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে একজন বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
এদিকে নতুন বাইপাস সড়কের ভূঞাপুর তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের টেঁপিবাড়ি নামক স্থানে আরেকটি দূর্ঘটনায় ৫ জন আহত হয়। এদের মধ্যে দুই জন ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অপর তিনজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজে প্রেরণ করেছে স্থানীয়রা।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো.সাব্বির রহমান জানায়, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।