শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাজিতপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

সংবাদের আলো ডেস্ক: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. আমির ফয়সাল নিরব (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (২৯ মে) জুম্মার নামাজের আগে উপজেলার হিলচিয়া ইউনিয়নের জ্ঞানপুর পশ্চিমপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত নিরব ওই গ্রামের জাহাঙ্গীর মিয়ার বড় ছেলে। সে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল। পরিবার ও এলাকাবাসীর কাছে নিরব অত্যন্ত শান্ত, ভদ্র ও মিশুক স্বভাবের ছেলে হিসেবে পরিচিত ছিল। তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের আগে প্রচণ্ড গরমের মধ্যে বাড়ির পাশের একটি পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় নিরব। গোসল শেষে তার সঙ্গে থাকা অন্যরা বাড়ি ফিরে গেলেও নিরবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে স্থানীয়রা পুকুরে নেমে দীর্ঘ অনুসন্ধানের পর নিরবকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে গ্রামের অসংখ্য মানুষ নিহত নিরবের বাড়িতে ভিড় করেন।

হিলচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক নাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে। তিনি এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন ও নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়