ঈদুল আযহায় যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়
সংবাদের আলো ডেস্ক: এবারে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। ২৪ মে হতে ২৭ মে রাত ১২ পর্যন্ত মোট চার দিনে যমুনা সেতু দিয়ে মোট ১ লাখ ৯৫ হাজার ২৯৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে করে মোট টোল আদায় হয়েছে ১৪ কোটি ১৬ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সেতু কর্তৃপক্ষ তথ্যানুযায়ী, ঈদযাত্রার প্রথম দিন ২৪ মে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা। ২৫ মে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপারে আদায় হয় প্রায় ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।
২৬ মে সবচেয়ে বেশি যানবাহন পারাপার হয়েছে। ৫৬ হাজার ২৩৯টি গাড়ি পারাপার হয়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮২ লাখ ৯৭ হাজার ৫০ টাকা। সর্বশেষ ঈদের আগের দিন ২৭ মে ৪৫ হাজার ৮৮৯টি যানবাহন পারাপার হয় এবং ৩ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়। ঢাকাগামী যানবাহনের চেয়ে উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ও টোল আদায়ের পরিমাণ ছিল অনেক বেশি।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ সচল রাখা হয়েছিল। এর মধ্যে মোটরসাইকেলের জন্য ছিল আলাদা ৪টি বুথ। মানুষের ফিরতি ঈদযাত্রা নিরাপদ করতেও আমাদের একই প্রস্তুতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।