সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে কোরবানির পশুর হাট মনিটরিং করতে গিয়ে সরকারি নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে হাট ইজারাদারকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার সমেশপুর কোরবানির পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান। তিনি জানান, কোরবানির পশুর হাটে সরকার নির্ধারিত রেট অনুযায়ী হাসিল আদায় করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পর্যবেক্ষণের সময় দেখা যায়, হাটের রশিদে হাসিলের টাকার পরিমাণ উল্লেখ করা হয়নি। এ বিষয়ে প্রথমে হাট ইজারাদারকে সতর্ক করা হয়। কিন্তু সতর্ক করার পরও হাট কর্তৃপক্ষ নির্ধারিত রেট অমান্য করে অতিরিক্ত হারে, অর্থাৎ ৮০০ টাকা পর্যন্ত হাসিল আদায় করছে বলে প্রমাণ পাওয়া যায়।

পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে সমেশপুর হাটের ইজারাদারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে সরকার নির্ধারিত রেট অনুযায়ী ও নিয়ম মেনে গরুর হাট পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান।

মোবাইল কোর্ট পরিচালনার সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়