সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাগাতিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জামনগর ইউনিয়নের চাইপাড়া আবাসন এলাকার বাসিন্দা ওই গৃহবধূ গত ২৪ মে সকালে বাড়ির পাশের একটি আমবাগানে রান্নার খড়ি সংগ্রহ করতে যান। এ সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা তাকে জোরপূর্বক পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে অভিযুক্তরা তাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। খবর পেয়ে তার স্বামী ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে রেফার করেন।

ভুক্তভোগীর প্রতিবেশিরা জানান, চিকিৎসা শেষে পারিবারিক আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি ২৫ মে সকালে মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়