অসহায়দের বঞ্চিত করে ‘পছন্দের তালিকায়’ ঈদ সামগ্রী বিতরণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৩ নং বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যের বিরুদ্ধে প্রকৃত অসহায় ও দুস্থদের বাদ দিয়ে নিজের পছন্দের ব্যক্তিদের মাঝে সরকার প্রদত্ত সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, সরকারিভাবে বরাদ্দ পাওয়া সহায়তা সামগ্রী দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণের কথা থাকলেও স্থানীয় ইউপি সদস্য এবং সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান আলী নিজের ঘনিষ্ঠ ও পছন্দের লোকজনের নাম তালিকাভুক্ত করেন। এতে অনেক প্রকৃত অসহায় পরিবার সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি স্থানীয়দের।
ভুক্তভোগী রেহেনা, রুবী ও রীনা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তারা সরকারি সহায়তার আশায় থাকলেও এবারও তাদের নাম তালিকাভুক্ত হয়নি। অথচ আর্থিকভাবে স্বচ্ছল ও ইউপি সদস্যের ঘনিষ্ঠ কয়েকজনকে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য তাদের সঙ্গে অসদাচরণ করেন বলেও অভিযোগ করেন তারা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “সরকার গরিব মানুষের জন্য সহায়তা পাঠালেও সঠিকভাবে বণ্টন না হওয়ায় প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
এ বিষয়ে ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান ফাহিমা আক্তার বলেন, “সরকারি নিয়ম মেনেই চাল ও সহায়তা সামগ্রী সংগ্রহ করা হয়। তবে ইউনিয়ন পরিষদে পৌঁছানোর পর স্থানীয় নেতৃবৃন্দ ও ইউপি সদস্য ইমরান এবং হাফিজ নিজ দায়িত্বে বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন। ইমরান তার ওয়ার্ডে কীভাবে তালিকা করেছেন, সে বিষয়ে আমি অবগত নই।”
অভিযুক্ত ইউপি সদস্য ইমরান আলীর বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব হোসেন বলেন, “ইমরান সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি দলের কোনো পদে নেই। অনিয়ম যে-ই করুক, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।