,

শিরোনাম

ইরানি কমান্ডারদের তথ্য দিলে ১২০ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

সংবাদের আলো ডেস্ক: ইরানি কমান্ডারদের তথ্য দিলে ১ কোটি মার্কিন ডলার বা প্রায় ১২০ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ৫ জ্যেষ্ঠ কমান্ডারের পরিচয় বা অবস্থান শনাক্তে তথ্য দিলেই মিলবে মোটা অংকের এই পুরস্কার।

সোমবার (২৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। 

ঘোষণায় বলা হয়, প্রয়োজন হলে তথ্যদাতাকে নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থাও করা হবে।

যুক্তরাষ্ট্র যেসব কমান্ডারের ওপর পুরস্কার ঘোষণা করেছে, তাদের তালিকায় রয়েছেন আইআরজিসির কমান্ডার আহমাদ ভাহিদি, খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের প্রধান আলী আবদোল্লাহি, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ইউএভি কমান্ডার সাঈদ আগাজানি। এ ছাড়া, আইআরজিসির সাইবার-ইলেকট্রনিক কমান্ডের প্রধান হামিদরেজা জোলাসঘারিয়ান এবং আইআরজিসি গোয়েন্দা দপ্তরের কমান্ডার মাজিদ খাদেমি।

২০১৯ সাল থেকেই যুক্তরাষ্ট্র আইআরজিসিকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচনা করে। আইআরজিসি বিশ্বজুড়ে ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে জড়িত বলেও দাবি করে ওয়াশিংটন। তবে, যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে ইরান।

ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও আইআরজিসির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে তথ্য পেতে বহুদিন ধরেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। তাই পুরস্কারের এ ঘোষণা সেসব উদ্যোগের ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়