রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত
সংবাদের আলো ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. রফিকুল হক বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসক জানান, ‘রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও সফরের কথা ছিল। অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হয়েছে। তবে আগামী এক-দুই দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারণ হতে পারে।’
এর আগে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে গত সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়েছিল, আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাবেন রাষ্ট্রপতি। সফরকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি, আবাসন ও যানবাহনের ব্যবস্থা করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে মঙ্গলবার ওই সফর স্থগিতের কথা জানানো হয়েছে। ফলে রাষ্ট্রপতির প্রথম জেলা সফর আপাতত হচ্ছে না।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে তার প্রথম সফর ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছিল নানা প্রস্তুতি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।