,

শিরোনাম

বর্তমান সংকট ১৮ বছরের ফ্যাসিবাদের তৈরি: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘বর্তমানে যে সংকট চলছে তা আমাদের সৃষ্টি নয়; দীর্ঘ ১৮ বছরের ফ্যাসিবাদ এই সংকট তৈরি করে রেখে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংকট উত্তরণে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ, অতি দ্রুত এই সংকট আমরা কাটিয়ে উঠব।’

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর আড়াইটায় টাঙ্গাইলের বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘বিগত ১৮ বছরে দেশের শিক্ষাব্যবস্থার মান পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। একটি জাতিকে ধ্বংস করতে হলে সবার আগে তার শিক্ষাকে ধ্বংস করতে হয়, বিগত ফ্যাসিবাদী সরকার ঠিক সেই কাজটিই করেছে। দেশ যখন মেধার ভিত্তিতে পরিচালিত হয়, তখন মানুষ গণতন্ত্র, অর্থনীতি ও সমৃদ্ধির কথা বলে। আর শিক্ষার মান নিচে নামিয়ে এবং দুর্নীতি ছড়িয়ে দিলে শোষণ ও লুটপাট সহজ হয়—বিদায়ী রেজিম দীর্ঘ ১৮ বছর ধরে সেই কাজটিই করেছে।’

তিনি আরও বলেন, ‘শুধু শিক্ষা নয়, দেশের অর্থনীতিও তলানিতে গিয়ে ঠেকেছে। দেশে বিদ্যুৎ ও গ্যাসের চরম সংকটের কারণ পূর্ববর্তী সরকারের অনিয়ম ও লুটপাট। নিজস্ব গ্যাস উত্তোলনের উদ্যোগ না নিয়ে তারা আমদানিনির্ভর নীতি গ্রহণ করেছিল। তবে বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর দেশীয় গ্যাস উত্তোলনের কার্যকর ব্যবস্থা নিয়েছে এবং দ্রুত বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও অভিভাবক সদস্য সফিকুল ইসলাম লোটাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, বাসাইল ও সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশীদ এবং বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।

এছাড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়