সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

৪ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনের রায় পেছাল

সংবাদের আলো ডেস্ক: ৪ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের রায় ঘোষণার দিন পিছিয়ে ১৪ মে নির্ধারণ করেছেন হাইকোর্ট।

আজ সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।

এসব মামলার কিছু নথিপত্র দাখিলের জন্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক সময় প্রার্থনা করেন।  

এদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সময়ের আবেদনের বিরোধিতা করেন চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। 

২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনের কাছে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন গত রবিবার (১০ মে) খারিজ করেন হাইকোর্ট বেঞ্চ।

জামিন আবেদনের শুনানির সময় আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, চিন্ময় শারীরিকভাবে অসুস্থ এবং ২০২৪ সালের ২৫ নভেম্বর থেকে তিনি কারাগারে বন্দি আছেন। 

এর আগে সংশ্লিষ্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা জামিন আবেদনের বিরোধিতা করেন। 

আইনজীবী অপূর্ব জানান, হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে চিন্ময়ের বিরুদ্ধে মোট আটটি মামলা দায়ের করা হয়েছে। তিনি হাইকোর্ট এবং সংশ্লিষ্ট নিম্ন আদালত থেকে তিনটি মামলায় জামিন পেয়েছেন।

এ আইনজীবী আরও বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্থগিত করেছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়