স্পেনে ব্যাটারি বিস্ফোরণে আগুন, গাজীপুরের ফুড রাইডার ইউসুফ নিহত
“মৃত্যুর আগে শেষ আকুতি—‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’
পঙ্কজ সরকার নয়ন,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : স্পেনের রাজধানী মাদ্রিদে একটি বাইসাইকেল গ্যারেজে বৈদ্যুতিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরণে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে গাজীপুরের কালীগঞ্জের এক ফুড ডেলিভারি রাইডার নিহত হয়েছেন। আগুনে আটকা পড়ার পর মৃত্যুর কয়েক মুহূর্ত আগে সহকর্মীদের কাছে বাঁচার আকুতি জানিয়ে তিনি লিখেছিলেন, ‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।’
নিহত ইউসুফ হাসান আলিফ (২৭) কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির একমাত্র ছেলে। জীবিকার তাগিদে গত জুনে স্পেনে পাড়ি জমান তিনি।
পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদেশে বৈধভাবে কাজের অনুমতি পাওয়ার আশায় দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করছিলেন ইউসুফ। মৃত্যুর মাত্র দুই দিন আগে তিনি কাঙ্ক্ষিত ‘ওয়ার্ক পারমিট’ পেয়েছিলেন। নতুন জীবনের স্বপ্ন নিয়ে যখন সামনে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই ভয়াবহ অগ্নিকাণ্ডে থেমে গেল তাঁর সব স্বপ্ন।
বার্সেলোনা প্রবাসী ও নিহতের মামাতো ভাই শফিকুল ইসলাম রাসেল জানান, রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটের দিকে মাদ্রিদের আরগানসুয়েলা এলাকার মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা অংশের কাইয়ে ক্যানারিয়াস সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে এ ঘটনা ঘটে।
প্রতিদিনের মতো ফুড ডেলিভারির কাজে ব্যবহৃত নিজের সাইকেলটি নিতে গ্যারেজে গিয়েছিলেন ইউসুফ। গ্যারেজে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই হঠাৎ একটি বৈদ্যুতিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে বিস্ফোরণের আগুন পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে। এতে ইউসুফসহ তাঁর সঙ্গে থাকা আরও দুই সহকর্মী গুরুতরভাবে দগ্ধ হন।
আগুনে আটকা পড়ে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের একপর্যায়ে ইউসুফ তাঁর সহকর্মীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেষবারের মতো বাঁচার আকুতি জানান। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।’
কিন্তু বিষাক্ত ধোঁয়া ও দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে তাঁকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে গ্যারেজে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণ করা হয়। নতুন করে আগুন বা বিস্ফোরণের ঝুঁকি এড়াতে ভেতরে থাকা অন্যান্য বৈদ্যুতিক বাইসাইকেলও বাইরে সরিয়ে নেওয়া হয়।
পরে ঘটনাস্থলেই চিকিৎসকরা ইউসুফকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দগ্ধ অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউসুফের আকস্মিক মৃত্যুর খবরে স্পেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে কালীগঞ্জের উত্তরগাঁও এলাকায় চলছে শোকের মাতম। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তাঁর বাবা আব্দুল মোতালিব ও মা রহিমা খাতুন।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত ইউসুফের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। বিদেশের মাটিতে একমাত্র ছেলের এমন করুণ মৃত্যুতে উত্তরগাঁওজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।