শাপলা চত্বর হত্যাকাণ্ড: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল
সংবাদের আলো ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল-১।
বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়।
এ সময় আসামিপক্ষের আইনজীবী আদালতকে জানান, ট্রাইব্যুনাল অনুমতি দিলে মামলার ন্যায়বিচারের স্বার্থে সাবেক এই পুলিশ কর্মকর্তা রাজসাক্ষী হয়ে বিচারকাজে সহযোগিতা করতে প্রস্তুত আছেন।
তবে বিস্তারিত পর্যালোচনার পর সাবেক এই ডিআইজির জামিন আবেদনটি মঞ্জুর না করে তা নাকচ করে দেন ট্রাইব্যুনাল।
এদিকে, রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজ বাড়িতে’ কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে ৯ জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১।
এছাড়া, অবসরপ্রাপ্ত লে. কর্নেল হাসিনুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের ওপর শুনানি হবে আগামী ১৪ মে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।