বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জাককানইবির আইন ও বিচার বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ শাহিদুল ইসলাম সবুজ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের উদ্যোগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিভাগের সপ্তম, অষ্টম, নবম ও দশম ব্যাচের শিক্ষার্থীদের নবীন হিসেবে বরণ করা হয় এবং পঞ্চম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

বুধবার (০৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান (নিউটন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, `তোমরা সাধারণ জনগণের থেকে অনেক বেশি মেধাবী ও জ্ঞানী।

তাই তোমাদের দায়িত্বও সাধারণ জনগণের থেকে অনেক বেশি। আমি শুনেছি তোমাদের বিভাগের সাবেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। তোমরাও ভবিষ্যতে দক্ষতার প্রদর্শনের মধ্য দিয়ে অনেক ভালো জায়গায় থাকবে বলে বিশ্বাস করি। তবে আমি আশা করি তোমরা তোমাদের পেশায় অনেক মানবিক হবে। শুধু পারিশ্রমিকের দিকে না তাকিয়ে, ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করবে এবং মানুষের কল্যাণে কাজ করবে। আমাদের দেশের অনেক দরিদ্র জনগণ রয়েছে, তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব তোমাদের।

সেইসকল দরিদ্র জনগণকে সচেতন করা এবং আইনি সহায়তা যত সহজে দেওয়া যায়, তা দেওয়ার মতো মানবিক মূল্যবোধ তোমাদের মধ্যে থাকতে হবে।’ মাননীয় উপাচার্য আরও বলেন, `জ্ঞানার্জনের কোন বিকল্প নেই। তোমাদের প্রচুর পড়াশোনা করতে হবে, তবেই তোমরা ভালো আইনজ্ঞ হতে পারবে। সবশেষে তোমাদের সার্বিক মঙ্গল কামনা করছি।’ নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে খাদিজা আক্তার পুতুল বলেন, `নতুন পরিবেশ, নতুন মানুষ ও নতুন পথচলা সবকিছু যেন আমাদের জন্য এক নতুন অভিজ্ঞতা।

শুরুতে কিছুটা অচেনা লাগলেও সিনিয়রদের ও ডিপার্টমেন্টের শিক্ষকদের আন্তরিকতা, ভালোবাসা ও দিক নির্দেশনা আমাদের সাহস যোগাচ্ছে। আপনাদের ভালোবাসা স্নেহ ও সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আমাদের স্বপ্নের পথে।’ বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে গোলাম কিবরিয়া বলেন, `ক্যাম্পাসে আমি শুধু সময় কাটাইনি; এই ছয় বছরে যেন একটি পূর্ণ জীবন পার করেছি।

জীবনের লক্ষ্য নিয়ে যখন আমরা হতাশায় ডুবেছিলাম, তখন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও সিনিয়রদের সঠিক দিকনির্দেশনাই আমাদের নতুন পথ দেখিয়েছে। সেই ধারাবাহিকতায় আজ আমাদের ব্যাচের দু’জন বিজেএস লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে যা আমাদের জন্য গর্বের বিষয়। এই পথচলার মধ্য দিয়েই আমাদের মধ্য থেকে তৈরি হচ্ছে ভবিষ্যৎ আইন কর্মকর্তা, অ্যাডভোকেট, বিচারক ও মানবাধিকার কর্মী। একজন আইনজীবী যে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তা এই যাত্রায় আরও স্পষ্টভাবে উপলব্ধি করেছি।

করোনাকালের কঠিন সময়ে অনলাইন ক্লাস ও পরীক্ষার অভিজ্ঞতা আমাদের আরও দৃঢ় ও আত্মবিশ্বাসী করে তুলেছে। একজন আইন শিক্ষার্থী হিসেবে নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজ ও দেশের প্রতি যে দায়িত্ববোধ তৈরি হয়েছে তা আজ আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় প্রেরণা। সবার কাছে দোয়া কামনা করি যাতে আমরা নিজেদের জন্য এবং দেশের কল্যাণে কিছু করতে পারি।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সহযোগী অধ্যাপক মো. আহসান কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. মনির আলম।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী অধ্যাপক ও বিভাগের ছাত্র উপদেষ্টা অরিন্দম বিশ্বাস। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। একই দিন সন্ধ্যায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়