তাড়াশে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার বেত্রাশিন গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন উপজেলার বেত্রাশিন গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ (৫০)। তিনি একই গ্রামের মৃত আব্দুল গফুর এর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলের দিকে আব্দুল হামিদ নিজ কৃষি জমিতে কাজ করছিলেন।
এ সময় হঠাৎ আকাশে মেঘ জমে বৃষ্টি ও বজ্রসহ ঝড় শুরু হয়। আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের মানুষও একজন পরিশ্রমী কৃষকের এমন অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, বর্ষা ও বৈরী আবহাওয়ার সময় মাঠে কাজ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।