রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় জমি বিক্রির নামে প্রতারণা: ২০ লাখ টাকা নিয়ে বিক্রেতা উধাও, ভুক্তভোগীর মানবেতর অবস্থা

আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে জমি বিক্রির নামে প্রতারণার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ উঠেছে, ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তি করে ২০ লাখ টাকা গ্রহণের পরও দলিল সম্পন্ন না করে বিক্রেতা আত্মগোপনে চলে গেছেন।

ভুক্তভোগী মমতাজ বেগম এক সংবাদ সম্মেলনে জানান, তিনি তার দেবরের ছেলে আল মামুন (আলামিন) এর নিকট থেকে বাড়ির জমি কেনার জন্য একটি লিখিত চুক্তি সম্পাদন করেন। চুক্তির সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন তার আরেক দেবর হোসাইন। চুক্তি অনুযায়ী, মমতাজ বেগম নগদ ২০ লাখ টাকা প্রদান করেন।

তিনি আরও জানান, পরবর্তীতে বিক্রেতার নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল প্রস্তুত করে দীর্ঘ সময় অপেক্ষা করলেও নির্ধারিত সময়ে আল মামুন(আলামিন) উপস্থিত হননি। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি গাঁ ঢাকা দেন।

মমতাজ বেগম অভিযোগ করেন, টাকা নেওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও দলিল সম্পন্ন না করে আল মামুন(আলামিন) বিভিন্নভাবে টালবাহানা করতে থাকেন। এমনকি তিনি নিজের জমিতে ঘর নির্মাণ করতে গেলে আল মামুন(আলামিন)  তার বোন ফরিদা ইয়াসমিনের মাধ্যমে ১৪৪ ধারা জারি করে কাজ বন্ধ করে দেন। পরে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করে তিনি ওই আদেশ খারিজ করাতে সক্ষম হলেও এখনও নানা বাধার সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেন।

ঘটনার সাক্ষী হোসাইন বলেন, “মমতাজ বেগম একজন অসহায় নারী। এনজিও থেকে ঋণ নিয়ে তিনি এই অর্থ জোগাড় করেছেন। তার সঙ্গে এমন প্রতারণা অত্যন্ত দুঃখজনক।”

ভুক্তভোগী মমতাজ বেগম বলেন, “আমার জীবনের সব সঞ্চয় দিয়ে জমিটি কিনতে চেয়েছিলাম। এখন টাকা ও জমি—দুটোই হারানোর আশঙ্কায় আছি।”

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আল মামুন (আলামিন) পেশায় একজন পুলিশ সদস্য। তিনি বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় মমতাজ বেগম প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়