বান্দরবানে লামায় তীব্র গরমে হিটস্ট্রোক করে ১৮ শিক্ষার্থী অসুস্থ
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় তীব্র গরমে হিটস্ট্রোকে ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। গত কয়েক দিনের তাপমাত্রা বৃদ্ধির কারণে এসব শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে লামা উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা যায়, এর তিনদিন আগেও একই বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিল।
হিটস্ট্রোকে আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে— ষষ্ঠ শ্রেণির সাদিয়া আক্তার, জান্নাতুল মাওয়া, জুনাইদুল ইসলামসহ ৬ জন; সপ্তম শ্রেণির শামীমা আক্তার, ইয়াসিন আরাফাতসহ ৭ জন; অষ্টম শ্রেণির শাহিদা বেগম ও তাসনিমা আক্তার; এবং দশম শ্রেণির সং লেং ম্রো, ফাতেমা আক্তার ও শিফা আক্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে তাপমাত্রা বৃদ্ধি ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিদ্যালয়ে চরম গরম বিরাজ করছে। এতে শিক্ষার্থীরা পানিশূন্যতায় ভুগে হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
পরে শিক্ষক ও স্থানীয়দের সহায়তায় তাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে শিক্ষার্থীদের বাড়িতে পাঠানো হয়েছে।
সরই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতি পূর্ণ বড়ুয়া বলেন, বেলা ১২টার দিকে ষষ্ঠ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী গরমের কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে পর্যায়ক্রমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ১৮ জন শিক্ষার্থী হিটস্ট্রোকে আক্রান্ত হয়।
এ বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাদিম মাহমুদ বলেন, বিষয়টি শুনেছি, তবে এখনো কেউ হাসপাতালে ভর্তি হয়নি।
অন্যদিকে, বান্দরবান জেলা শিক্ষা কর্মকর্তা মো. জসীম উদ্দীন বলেন, শিক্ষার্থীদের হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।