মুন্সিগঞ্জে বজ্রপাতে নিহত সন্তানের কবর পাহারা দিচ্ছেন অসহায় বাবা
সংবাদের আলো ডেস্ক: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বজ্রপাতে নিহত যুবক আরাফাত খানের লাশ চুরির আশঙ্কায় প্রতিরাতে কবর পাহারা দিচ্ছে তার পরিবার। কবরের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে থাকা স্বজনরা এখন প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার কামারখাড়া সামাজিক কবরস্থানে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। সেখানে টর্চলাইট আর লাঠি হাতে ছেলের কবরের পাশে বসে আছেন বৃদ্ধ বাবা জসিম খান। লোকমুখে প্রচলিত বজ্রপাতে মৃত ব্যক্তির লাশ চুরি হয় এমন আতঙ্ক থেকেই মূলত এই পাহারার ব্যবস্থা করেছেন তিনি।
মৃতের বাবা জসিম খান বলেন,আমার ছেলে দর্জির কাজ করে সংসার চালাত। গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রপাতে ওর মৃত্যু হয়। এখন শুনছি এই লাশ নাকি চুরি হয়ে যায়। আমি নিজে অসুস্থ মানুষ, শরীর কুলায় না। তাই ঋণ করে লোক ভাড়া করে কবর পাহারা দিচ্ছি।
একদিকে ছেলের শোক, অন্যদিকে অভাবের সংসার, তার ওপর এই বাড়তি খরচ। প্রশাসন যদি একটু পাহারার ব্যবস্থা করত, তবে শান্তি পেতাম।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্তানের প্রতি বাবার এমন ভালোবাসা ও উদ্বেগের বিষয়টি অত্যন্ত মানবিক। একই সঙ্গে এটি এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলে। তারা দ্রুত কবরস্থানের নিরাপত্তা জোরদার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, নিহতের পরিবারকে ইতিমধ্যে দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। কবর পাহারার বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে গ্রাম পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে পরিবারটিকে আরও আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার টঙ্গীবাড়ী উপজেলায় বজ্রপাতে আরাফাত খান ও রিজান ঢালী নামে দুইজনের মৃত্যু হয়। এরপর থেকেই সন্তানদের শেষ স্মৃতিটুকু রক্ষায় আতঙ্কে দিন কাটছে পরিবারগুলোর।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।