বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে শারীরিক প্রতিবন্ধী নারীর কৃষিজমি জবরদখল করে মাটি বিক্রির অভিযোগ 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে এক শারীরিক প্রতিবন্ধী নারীর কৃষিজমি জোরপূর্বক দখল করে মাটি কেটে বিক্রির অভিযোগ ওঠেছে স্থানীয় বিএনপির তিন নেতার বিরুদ্ধে।

এঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। অভিযুক্তরা হলেন- নিকরাইল ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব ও আব্দুল মোন্নাফ।

শারীরিক প্রতিবন্ধী ভুক্তভোগী ফরিদা খাতুন উপজেলার নিকরাইল ইউনিয়নের পলশিয়া গ্রামের মরহুম জিঞ্জির আলী ফকিরের মেয়ে। মঙ্গলবার (২০ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ঐ নারী।

অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় দুই বছর ধরে প্রভাবশালী এই তিন নেতা বেআইনিভাবে ফরিদার একমাত্র কৃষিজমি দখলে রেখে খননযন্ত্রের মাধ্যমে মাটি কেটে বিক্রি করে আসছেন। জমিতে গিয়ে বাধা দিলে ফরিদা ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে ফরিদা, তার ভাই ও ভাইয়ের মেয়ে আহত হন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে বাধ্য হন।

স্থানীয় সূত্রে জানা যায়, একাধিকবার বিষয়টি স্থানীয় প্রভাবশালী মহলে উত্থাপন করা হলেও কোনো কার্যকর সমাধান হয়নি। স্থানীয় লোকজন জানায়, বিচারের আশায় ফরিদা বিভিন্ন নেতাকর্মীর দ্বারে দ্বারে ঘুরেছেন। প্রতিবারই আশ্বাস মিলেছে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। সে কখনো জমির মাটি বিক্রির টাকাও পায়নি এবং এখন পর্যন্ত জমিও ফেরত পায়নি।

ভুক্তভোগী ফরিদা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছোটবেলা থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ার আমার বিয়ে হয়নি। ভাঙা ঘরে বৃদ্ধা মাকে নিয়ে থাকি। এই জমিটুকুই ছিল বাঁচার একমাত্র অবলম্বন। এখন সেটাও দখল হয়ে গেছে। জমিতে গেলে মারধর করে। আমি আমার জমি ফেরত চাই এবং  হামলার বিচার চাই।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। সাংগঠনিকভাবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব হাসান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়