বান্দরবানে অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা।
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক মানবিক সহায়তা কার্যক্রমে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে। বিশেষ করে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা সহায়তা এবং জরুরি আর্থিক সহযোগিতার মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণে ঢেউটিন প্রদান, মসজিদ ও এতিমখানায় আর্থিক অনুদান, কন্যাদায়গ্রস্ত পরিবারকে সহায়তা এবং শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে জেলার অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় সিকদার পাড়া জামে মসজিদে মাইক ইউনিট ও মেশিন প্রদান, গৃহহীনদের জন্য ঢেউটিন বিতরণ, কন্যাদায়গ্রস্ত পরিবারকে নগদ সহায়তা, অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান, চারটি পরিবারকে নগদ অর্থ সহায়তা এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও সহায়তা প্রদান করা হয়।
সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন কমান্ডারের পক্ষে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেড সদর দপ্তরের জিএসও-৩ ক্যাপ্টেন মোঃ সামিউল ইসলাম।
তিনি বলেন, যেকোনো সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম পাহাড়ের প্রত্যন্ত এলাকায় আর্তপীড়িত মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সুবিধাভোগীরা সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করে জানান, এসব সহায়তা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
এসময় সেনা রিজিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্টাফ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।