শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আশুলিয়ায় চাঁদা না পেয়ে শ্রমিক সংগঠনের অফিসে হামলা, নগদ টাকা লুটের অভিযোগ

স্টাফ রিপোর্টার: ঢাকার আশুলিয়ায় শ্রমিক সংগঠনের একটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, বাইপাইল বগাবাড়ী এলাকার সমির সুপার মার্কেটে অবস্থিত জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি ও বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের অফিসে এ হামলার ঘটনা ঘটে। 

পরে সংগঠনের কর্মী দুলালী আক্তার ও আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, মামুন মন্ডল (৪৫) ও আব্দুস সালাম (৩৫)সহ অজ্ঞাতনামা ৫–৬ জন দীর্ঘদিন ধরে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম ফরিদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে এ হামলা চালায় বলে অভিযোগে বলা হয়।

ভুক্তভোগীদের দাবি, বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দেশীয় অস্ত্রসহ হামলাকারীরা সংগঠনের অফিসে প্রবেশ করে। 

এ সময় দুলালী আক্তারের সঙ্গে অসদাচরণ করা হয় এবং অফিসের নথিপত্র তছনছ করা হয়। পরে ঘটনাস্থলে গেলে নাজমুল হকের ওপরও হামলা চালানো হয় এবং তার কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

দুলালী আক্তার বলেন, দীর্ঘদিন ধরে তারা চাঁদার জন্য চাপ সৃষ্টি করছিল। না দেওয়ায় অফিসে হামলা করা হয়েছে।

নাজমুল হক বলেন, খবর পেয়ে গেলে আমাকে মারধর করা হয় এবং আমার কাছে থাকা ৭০ হাজার টাকা নিয়ে যায়।

কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ জানান, কিছুদিন ধরে মামুন নামের ব্যক্তি তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করছিল। চাঁদা না দেওয়ায় এই হামলার ঘটনা ঘটে বলে তিনি জানান।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়