বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাটোরে নবজাতকের মুখে দাঁত, বিরল ঘটনায় চাঞ্চল্য

নাটোর, প্রতিনিধি: নাটোর শহরের একটি বেসরকারি ক্লিনিকে জন্ম নেওয়া এক নবজাতককে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের। জন্মের সময়ই শিশুটির মুখে দুটি দাঁত দেখা গেছে, যা একটি বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। রবিবার (১২ এপ্রিল) বিকাল আনুমানিক ৩ টায় নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকার পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক পুত্র সন্তানের জন্ম দেন মোছাঃ মোরশেদা। নবজাতকের নাম রাখা হয়েছে মোঃ মাশরাফি।

তার পিতা মোঃ শাহিন মোল্লা, বাড়ি নাটোর সদর উপজেলার ধরাইলে। এটি দম্পতির তৃতীয় সন্তান। পরিবার সূত্রে জানা যায়, শিশুটির জন্মের পরই তার নিচের মাড়িতে দুটি দাঁত দেখতে পান স্বজনরা। বিষয়টি জানাজানি হলে ক্লিনিকজুড়ে কৌতূহল তৈরি হয়। নবজাতকের মা মোছাঃ মোরশেদা জানান, “আমার দুই ছেলে সন্তানের পর আজ বিকেলে সিজারের মাধ্যমে আরেকটি ছেলে সন্তান জন্ম নেয়।

পরে দেখি আমার বাচ্চার নিচের মাড়িতে দুটি দাঁত রয়েছে। এমন ঘটনা আগে কখনও শুনিনি। আমি খুব খুশি, তবে ডাক্তার বলেছেন এক মাস পর দন্ত বিশেষজ্ঞ দেখিয়ে দাঁতগুলো অপসারণ করতে হতে পারে। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন।” পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ আশরাফুল জানান, বিকেলে তাদের ক্লিনিকে একটি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয় এবং জন্মের সময়ই তার মুখে দুটি দাঁত দেখা যায়। তবে মা ও শিশু দুজনই সুস্থ রয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়