স্বাস্থ্যসেবায় সিন্ডিকেট-দালাল বরদাস্ত নয়: এমপি মান্নান
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: নবীনগরে স্বাস্থ্যসেবায় কোনো সিন্ডিকেট, দালাল বা অনিয়ম চলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের অধিকার—এখানে প্রভাব, পরিচয় বা স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই।
সোমবার দুপুরে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি বলেন, বিএনপির কোনো নেতাকর্মী বা আত্মীয় পরিচয় দিয়েও কেউ অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না। কোনো অনিয়ম, দুর্নীতি বা হয়রানি বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার কাজ চলছে। উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সমন্বিতভাবে কাজ করছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, ইউএনও মো. মাহমুদুল হাসান ও আখাউড়া স্বাস্থ্য কর্মকর্তা ডা. হিমেল খান।
সভা শেষে এমপি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ ও হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।