সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আসছে বাজেটে ব্যবসায়ীদের চাপ দেবে না এনবিআর: বাণিজ্যমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: আসছে বাজেটে ব্যবসায়ীদের ওপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোনো চাপ দেবে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ডিসিসিআই আয়োজিত প্রাক–বাজেট আলোচনায় বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষাপটে তিনি এ কথা বলেন।

আসছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশা আর সরকারের পরিকল্পনা তুলে ধরতে আয়োজন করা হয় এ সেমিনার।

ডিসিসিআই আয়োজিত আলোচনায় সংকোচনমুখী অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে কর্মসংস্থান বৃদ্ধির দিকে সরকারকে নজর দেয়ার তাগিদ দেন ব্যবসায়ী-উদ্যোক্তারা। তারা দাবি জানান, করহার কমিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার। ভ্যাট ব্যবস্থা শতভাগ অটোমেশনের পাশাপাশি করমুক্ত আয়সীমা বাড়ানোর পক্ষেও যুক্তি তুলে ধরেন তারা।

এ সময় অনিয়ম ও দুর্নীতির কারণে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে নানা দুর্বলতা রয়ে গেছে বলে জানান খন্দকার আব্দুল মুক্তাদির। তবে আসছে বাজেটে ব্যবসায়ীদের ওপর এনআরবি কোনো চাপ দেবে না বলে আশ্বস্ত করেন মন্ত্রী। 

‘অর্থনৈতিক অনেক সমস্যা সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। বিগত দিনে অনেক অপ্রয়োজনীয় প্রকল্প নিয়েছিল সরকার। যেগুলোর কোনো অর্থনৈতিক রিটার্ন নেই’, যোগ করেন তিনি। 

দুই মাস রাখার মতো এলএনজি দেশে থাকলে বেশি দামে কিনতে হত না মন্তব্য করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মধ্যপ্রাচ্য সংকটের কারণে সার ও জ্বালানি খাতে সরকারের বিপুল পরিমাণ বাড়তি ব্যয় হচ্ছে, যার সমন্বয় করা সরকারের জন্য কঠিন হয়ে যাচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়