সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

‘চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছি’

সংবাদের আলো ডেস্ক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। এটি নিয়ে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে মিটিং করেছি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশনায় এই কাজগুলো একটি একটি করে করছি।

সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে সমাবেশস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ যে পরিকল্পনাগুলো আপনারা দেখেছেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ক্রীড়া ভাতা, খাল খনন এগুলো কিন্তু একদিনের হঠাৎ প্রোগ্রাম না। দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা প্রধানমন্ত্রী করেছেন। আমরা একটি একটি করে বাস্তবায়ন করছি।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় খেলোয়াড়দের ক্রীড়া ভাতা নিশ্চিত করেছেন। আগামী ২ মে থেকে সিলেট থেকে একযোগে বাংলাদেশের প্রত্যকটি জেলা শহরে ১২ থেকে ১৪ বছরের কিশোরদের নিয়ে জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করা হবে। এ স্পোর্টসের মাধ্যমে আমাদের সন্তানরা, ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ জাতি হিসেবে গড়ে উঠবে। একটি মাদকমুক্ত সমাজ গড়ার মাধ্যমে আমরা আশা করি, নতুন কুঁড়ি স্পোর্টসের কার্যক্রম সেটি বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, টাঙ্গাইল স্টেডিয়াম থেকে শুরু করে সারাদেশেই মাঠ সংরক্ষণের জন্য ইতোমধ্যে আমাদের প্রধানমন্ত্রী একটি নির্দেশনা দিয়েছেন। টাঙ্গাইল স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে জিমনেসিয়াম যেখানে যেখানে সমস্যা রয়েছে এগুলো আমরা দ্রুতই সমাধান করব। আমাদের সকল স্থানীয় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠন যারা রয়েছে, সকলের সহযোগিতা নিয়ে আমরা একটি ক্রীড়াবান্ধব, ক্রীড়ামোদি দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়