রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাগাতিপাড়ায় স্কুল পড়ুয়া কিশোরীর আত্মহত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় নবম শ্রেণিতে অধ্যয়নরত মানসিক প্রতিবন্ধী কিশোরী সাদিয়া আফরিন মদিনা (১৫)-এর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের ১নং ছোট পাঁকা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া ওই এলাকার গোলাম মোরশেদ ও জেসমিন বেগম দম্পতির বড় মেয়ে এবং পাঁকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাদিয়া ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় ভুগছিল এবং তার একটি প্রতিবন্ধী ভাতা কার্ডও ছিল। পরিবার জানায়, অল্পতেই সে মাঝে মাঝে হঠাৎ রেগে যেত। ঘটনার দিন সকালে তার বাবা গোলাম মোরশেদ প্রতিদিনের মতো অন্যের জমিতে কাজ করতে যান এবং মা জেসমিন বেগম ছাগল নিয়ে মাঠে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সাদিয়া নিজ শয়নকক্ষের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

পরে তার ছোট বোন জান্নাতুল (৭) বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করে দাদীকে জানায়। খবর পেয়ে দাদীসহ স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার পথে ভ্যানগাড়িতেই তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে আরও জানা যায়, পরিবারের সঙ্গে সাদিয়ার পূর্বে কোনো বাকবিতর্ক বা ঝামেলা ছিল না। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পাঁকা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান জানান, মানসিক প্রতিবন্ধী স্কুলছাত্রী সাদিয়ার আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ মৃতদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারসহ কারও কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়