,

ভাঙ্গুড়ায় সার নিয়ে কারসাজি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ডিলারকে জরিমানা

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় সার মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিন সার ডিলারকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ এপ্রিল) দুপুরে ভাঙ্গুড়া বাজার ও শরৎনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শারমিন জাহান এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। কৃষকদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে বাজার তদারকি শুরু করলে অনিয়মের বিষয়টি সামনে আসে। অভিযানে দেখা যায়, কয়েকজন ডিলার গুদামে পর্যাপ্ত সার থাকা সত্ত্বেও তা বিক্রি না করে সংকট তৈরি করছেন।

এ অভিযোগ প্রমাণিত হওয়ায় ভাঙ্গুড়া বাজারের মো. হোসেন হায়দার এবং শরৎনগর বাজারের মো. মিজানুর রহমানকে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(ঠ) ধারা অনুযায়ী ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অন্যদিকে, ভাঙ্গুড়া বাজারের ডিলার মো. জায়েদ হায়দার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শারমিন জাহান বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং চালানো হচ্ছে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে অনিয়ম পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়