পঞ্চগড়ে ৮৭ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ আটক ১
সংবাদের আলো ডেস্ক: পঞ্চগড়ের দেবীগঞ্জে ৮৭ লাখ টাকা মূল্যমানের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ সুজন মোহন্ত (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২ এপ্রিল) র্যাব ১৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, বুধবার বিকেলে উপজেলার ৮নং দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট ধনমণ্ডল এলাকার থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক সুজন মোহন্ত ওই ইউনিয়নের খগেরহাট বিনয়পুর এলাকার চিনমহন্তের ছেলে।
র্যাব জানায়, বুধবার বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট ধনমণ্ডল এলাকার একটি বসতবাড়ীর সামনে ফাঁকা জায়গা থেকে র্যাব ১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ২৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসহ সুজন মোহন্ত নামে ওই ব্যক্তিকে আটক করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি বিষ্ণু কষ্টিপাথরের মূর্তিটি সংরক্ষণ করে পাশ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিল বলে স্বীকারোক্তি দেয়।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাব ১৩ বিষ্ণু মূর্তিসহ একজন আসামিকে গতকাল রাতে থানায় সোপর্দ করেছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।