বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সরিষাবাড়ীতে জমির বিরোধে স্বামী-স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘরবাড়ি উত্তোলনে বাধা দেওয়ায় স্বামী- স্ত্রীসহ ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে পৌরসভার বলারদিয়ার মাদুর মোড় নতুন রাস্তায় এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহতরা হলো- আমিনুল ইসলাম (২৮), স্ত্রী সুপ্তি খাতুন (২৩) মা খুদেজা বেগম (৬৫)। এদের মধ্যে গুরুতর আহত স্বামী-স্ত্রী দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, পৌরসভার বলারদিয়ার গ্রামের জিয়াউল হক আর আমিনুল ইসলাম সঙ্গে রফিকুল ইসলামের মধ্যে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রফিকুল ইসলাম জোরপূর্বক জমিটির দখল নিতে চেষ্টা করলে জিয়াউল হক ও আমিনুল ইসলাম মিলে আদালতে নিষেধাজ্ঞা চায়।

আদালত আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে নিষেধাজ্ঞা আরোপ করেন। মঙ্গলবার বিকালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রফিকুল ইসলাম ও তার লোকজন জোরপূর্বক ঐ জমিতে ঘর উত্তোলন শুরু করে। এতে আমিনুল ইসলাম বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় ডাকচিৎকারে তার স্ত্রী ও মা এগিয়ে আসলে তাদের কেউ মারধর ও শ্লীলতাহানি করে।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই জিয়াউল হক বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়