বোয়ালমারীতে প্রলোভনে গৃহবধূকে ভাগিয়ে নিয়ে অনৈতিক কাজের অভিযোগ,অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক গৃহবধূকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দাদপুর ইউনিয়নের সুগন্ধি গ্রামে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সুগন্ধি গ্রামের দিনমজুর পনিব মোল্লা জীবিকার তাগিদে প্রতিদিন বাড়ির বাইরে কাজ করতে যান। এই সুযোগে পাশের মাধবপুর গ্রামের তোতা শেখের ছেলে রাসেল শেখ (২৪) পনিব মোল্লার স্ত্রী নাজমা বেগম (২০)-এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পনিব মোল্লা অভিযুক্ত রাসেলকে তার বাড়িতে আসা-যাওয়া করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল বিভিন্ন সময় হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
গত ২৭ মার্চ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে পনিব মোল্লা বাড়িতে না থাকার সুযোগে রাসেল শেখ তার বাড়িতে প্রবেশ করে এবং কৌশলে নাজমা বেগমের সঙ্গে অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপন করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় পাশের বাড়ির কয়েকজন প্রত্যক্ষদর্শী বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহযোগিতায় রাসেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনাটি স্বীকার করে বলে জানা যায়।
পরবর্তীতে গত ২৯ মার্চ দুপুরে অভিযুক্ত রাসেল আবারও নাজমা বেগমকে প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এতে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে।
এ ঘটনায় পনিব মোল্লার বাদী হয়ে ৩০ মার্চ রাতে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, এ ধরনের ঘটনা এলাকায় সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।