জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সংবাদের আলো ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০১৮ সালে দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের আমিনুল ইসলামের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় সুজানা আক্তারের। এরপর থেকেই যৌতুকের জন্য সুজানাকে মাঝে মধ্যেই নির্যাতন করতো স্বামী আমিনুল। ২০২২ সালের ২৪ এপ্রিল আমিনুল ইসলাম তার স্ত্রী সুজানা আক্তারের কাছে ২০ হাজার টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়। পরে তাকে পেটে ও তলপেটে লাথি মারলে ওই পর দিন ২৫ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সেদিনই ভুক্তভোগীর বাবা সুরুজ মিয়া দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় রাষ্ট্রপক্ষ ১৩ জন সাক্ষী আদালতে উপস্থাপন করে। এছাড়া আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, যেখানে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।
সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদানের সাথে ১ লাখ টাকা জরিমানা করায় সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।