চাঁদাবাজির অভিযোগে এমপির সুপারিশে বিএনপি নেতা রফিজ উদ্দিন বহিষ্কার
মনিরুল ইসলাম,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনকে চাঁদাবাজি, ভূমি দখল ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। টাঙ্গাইল-০৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলুর সুপারিশের প্রেক্ষিতে জেলা বিএনপি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বুধবার (২৫ মার্চ) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া, চাঁদাবাজি এবং ভূমি দখলসহ বিভিন্ন গুরুতর অভিযোগে রফিজ উদ্দিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন তদন্ত শেষে দলীয় শৃঙ্খলা রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন মুঠোফোনে বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজ তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।”
অপরদিকে, যোগাযোগ করা হলে নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি মুঠোফোনে জানান, “এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।”
বহিষ্কারের বিষয়ে রফিজ উদ্দিন তার প্রতিক্রিয়ায় বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।”
জানা গেছে, বহিষ্কার সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে, যাতে বহিষ্কৃত এই নেতার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখা হয়।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে অনেকেই এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন। তাদের মতে, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এমন পদক্ষেপ প্রয়োজন ছিল।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।