সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

উলিপুরে পুলিশের বিশেষ অভিযান: ২০৪ পিস ইয়াবাসহ,২৩ মামলার  মাদক কারবারি গ্রেফতার

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ জামিরবাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উলিপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ রাজু আহম্মেদের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ নয়ন মিয়া (৩৪) ও মোঃ জসিম উদ্দিন (২৯) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নয়ন মিয়ার বাড়ির শয়ন কক্ষ থেকে ১২৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপরদিকে জসিম উদ্দিনের কাছ থেকে ৭৭ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। সব মিলিয়ে ২টি জিপার প্যাকেটে মোট ২০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত নয়ন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন আদালতে ২৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া জসিম উদ্দিনের বিরুদ্ধে একটি নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী উলিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উলিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়