বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সালিশ বৈঠকে পুলিশের সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

সংবাদের আলো ডেস্ক: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে পুলিশের উপস্থিতিতেই খোরশেদ সিকদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হয়েছেন ।

রবিবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার চরহোগলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি মিলে খোরশেদ সিকদারকে চেয়ার ও লাঠি দিয়ে মারধর করছে। কাছেই অবস্থান করা পুলিশ সদস্যরা হামলা থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। 

স্থানীয় বাসিন্দারা জানান, ঘর নির্মাণের মজুরি বাবদ ৫০ হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর হাওলাদারের পরিবারের সঙ্গে খোরশেদ সিকদারের পরিবারের বিরোধ ছিল। র‌বিবার বিকেল চারটার দিকে সেই বিরোধ মেটাতে দুই পক্ষ বসেছিল। 

এদিকে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন ও সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে রাতে বিষয়টি জানানো হয়।

পুলিশ জানায়, ঘর নির্মাণের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।  র‌বিবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য শালিশ বসে। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল।  সংঘর্ষে গুরুতর আহত হন খোরশেদ সিকদার। পরে তাঁকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

মেহেন্দিগঞ্জ থানার এসআই বশির আহমেদ বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়