ট্রেন-বাসের সংঘর্ষে নিহতের পরিবারকে আর্থিক সহয়তার ঘোষণা
সংবাদের আলো ডেস্ক: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে বাস ও ট্রেন সংঘর্ষে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন, কুমিল্লা।
রবিবার (২২ মার্চ) সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মু. রেজা হাসান।
জেলা প্রশাসনের তথ্যমতে, রবিবার ভোর প্রায় পৌনে ৩ টায় পদুয়ারবাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিংয়ে চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘ঢাকা মেইল’ ট্রেনের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায় এবং সেটিকে টেনে নিয়ে যাওয়া হয় পাশের দৈয়ারা এলাকা পর্যন্ত।
এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন মেয়ে শিশু রয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৫ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, আর ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, রেলওয়ে কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি রেলের ইঞ্জিনের সঙ্গে আটকানো অবস্থায় রয়েছে এবং সেটি উদ্ধার করতে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।
এদিকে দুর্ঘটনার পরও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একইভাবে রেলওয়ের চট্টগ্রামগামী ডাউন লাইনে ট্রেন চলাচলও স্বাভাবিক রাখা হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।