খাল পুনঃখনন হলে বাংলাদেশের কৃষি ও অর্থনীতির চিত্র বদলে যাবে: অর্থমন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খাল পুনঃখনন হলে বাংলাদেশের কৃষি ও অর্থনীতির চিত্র বদলে যাবে।
সোমবার (১৬ মার্চ) চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার মলিয়াইশ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সরকারের প্রতিটি প্রকল্প যথাযথভাবে ব্যয় নির্ধারণ ও বাজেট বরাদ্দের মাধ্যমে সুপরিকল্পিতভাবে গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হয়েছে এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী, সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। এত বড় কর্মসূচি একদিনে বাস্তবায়ন সম্ভব নয়। তাই পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে কাজ এগিয়ে নেয়া হবে। আগামী ছয় মাসের মধ্যে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, বামনসুন্দর খালের খনন কাজ সম্পন্ন হলে প্রায় ১৫ হাজার হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে। এতে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্য উৎপাদন সম্ভব হবে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের বিভিন্ন স্থানে অনেক খাল দখল হয়ে আছে। ইতোমধ্যে দখল হয়ে যাওয়া খালগুলোর সীমানা নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি মালিকানাধীন খাল কোনো ব্যক্তি বা গোষ্ঠী দখল করে রাখতে পারবে না। সীমানা নির্ধারণের পর সেই অনুযায়ী খাল খননের কাজ সম্পন্ন করা হবে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য উন্নয়ন প্রকল্পগুলো স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা এবং দুর্নীতির সুযোগ কমিয়ে আনা। কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মতো খাল খনন প্রকল্পও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, এই ২০ হাজার কিলোমিটার খাল খনন সম্পন্ন করা গেলে বাংলাদেশের কৃষি, পরিবেশ ও সামগ্রিক অর্থনীতিতে নতুন পরিবর্তন আসবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।