ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, ঘটনাস্থলে উপজেলা প্রশাসন
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের সিংগাড়ি গ্রামে অগ্নিকাণ্ডে চারটি অসহায় পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে তাদের বসতঘরসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাওয়ায় পরিবারগুলো মানবেতর অবস্থায় পড়েছে। খবর পেয়ে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে একটি বসতঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে চারটি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, ধান, চাল, সরিষা ও নগদ অর্থসহ প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো—মৃত খইমুদ্দিন সরকারের ছেলে মো. রফিকুল ইসলাম, মৃত খইমুদ্দিন সরকারের স্ত্রী সবুরা খাতুন, মৃত আজগার আলী মন্ডলের স্ত্রী শাহিদা খাতুন এবং মৃত আব্দুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম।
ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অষ্টমনীষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান জাহান বকুল, ইউপি সদস্য শফিকুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া ইউনিয়ন যুব ক্রীড়া বিভাগের সভাপতি মো. ওয়ারেছ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উপজেলা প্রশাসন জানায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানে উদ্যোগ নেওয়া হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।