বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কারখানা স্থানান্তরের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার: ঢাকার আশুলিয়ায় একটি গার্মেন্টস কারখানা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শ্রমিকরা।

রবিবার (১৫ মার্চ) বিকালে আশুলিয়ার বাইপাইল মোড়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির ব্যানারে এ কর্মসূচি পালন করে উইলিয়ামস সোয়েটার লিমিটেড কারখানার শ্রমিকরা।

কর্মসূচিতে অংশ নিয়ে শ্রমিকরা কারখানা স্থানান্তরের কারণে তাদের হয়রানি বন্ধ এবং শ্রম আইন অনুযায়ী পাওনাদি পরিশোধের দাবি জানান। 

শ্রমিকদের অভিযোগ, আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবস্থিত কারখানাটির কর্তৃপক্ষ হঠাৎ করে কারখানা স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। শ্রমিকরা সেখানে যেতে অপারগতা প্রকাশ করলে তাদেরকে চাকরি থেকে পদত্যাগ করে চলে যেতে বলা হয়। দীর্ঘদিন ধরে আশুলিয়া এলাকায় বসবাস করার কারণে অনেক শ্রমিকের সন্তানরা স্থানীয় স্কুল-কলেজে পড়াশোনা করছে। ফলে নতুন স্থানে গিয়ে কাজ করা তাদের পক্ষে সম্ভব নয় বলে জানান তারা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক।

এ সময় সংহতি বক্তব্য দেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম, শ্রমিক নেতা মাসুদ রানা সুলতান এবং ভুক্তভোগী শ্রমিক মো. সাহজাহান ও মো. রাজা মিয়া।

বক্তারা বলেন, শ্রমিকরা তাদের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে কথা বলতে গেলে হুমকি-ধামকি ও ভীতি প্রদর্শনের শিকার হচ্ছেন। তারা অবিলম্বে এসব কার্যক্রম বন্ধ করে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনাদি পরিশোধের দাবি জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়